আইসোলেশন থেকে দোআ চেয়েছেন ‘রকস্টার’ প্রতিমন্ত্রী পলক
রোববার রাতে রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনের বেসিস সফটএক্সপোর সমাপনীতে যোগ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেখানে তিনি বেসিস এর পক্ষ থেকে ‘রকস্টার’ খেতাবে ভূষিত হন। এই খেতাব-কে জোরালো ভাবে সমর্থন করে প্রতিমন্ত্রীর নতুন এই পরিচয়ের উচ্ছ্বাস প্রকাশ করে তার প্রশংসা করে বক্তব্য দেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন তারা।
কিন্তু রাত পেরোতেই খবর এলো তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি নিজে এ খবর জানান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে গত বছরের ৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন পলক ও তার দুই ছেলে।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছেন, সোমবার মন্ত্রিপরিষদের সভা থাকায় রোববার (২৬ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করিয়েছিলেন। ফল পজিটিভ এসেছে; তাই বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
তিনি লেখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
প্রসঙ্গত, রক সঙ্গীত গায়ক হিসেবে নয়, রকেট গতিতে প্রযুক্তিকে আত্মস্থ করে দেশের প্রযুক্তিখাতকে এগিয়ে নেয়ার জন্যই জুনাইদ আহমেদ পলক-কে রকস্টার উপাধী দেয়া হয়েছে।





